নারায়ণগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এক নারী আসামি বিশেষ পদ্ধতিতে পেটে করে ইয়াবাগুলো বহন করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের পেটের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ইয়াবার ৪০টি প্যাকেট পায়ুপথে বের করে দেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় শহীদ জিয়া হলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ক্যাম্পের আসমা বেগম (৪৫), কচুবুনিয়া এলাকার ফিরোজ আলম (৪৫) ও মো: সাবের (৩২)।

পুলিশের জানায়, গ্রেফতারের পর নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসামি আসমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ইয়াবার প্যাকেট পায়ুপথ দিয়ে বের করে দেন। এ সময় তার কাছ থেকে ৪০টি প্যাকেটে থাকা দুই হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, আসমা বেগমের পেটে থাকা ইয়াবাগুলো কস্টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ছিল। সাক্ষীদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়।