গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় ইয়াসিন (২০) ও ফাতেমা (৪৫) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইয়াসিনের স্ত্রী আরজিনা (১৮)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী স্টেশন রোড এলাকার বিআরটি ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়। তিনি মা ফাতেমা ও স্ত্রী আরজিনাকে নিয়ে টঙ্গীর শিলমুন এলাকায় বসবাস করতেন। রোববার দুপুরে তিনজন টঙ্গী থেকে নাজিরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফ্লাইওভারের উপর বাস থেকে নামার পরপরই তিনজনের উপর একটি কাভার্ড ভ্যান উঠে যায়। এতে ইয়াসিন ও ফাতেমা ঘটনাস্থলেই মারা যান। আরজিনাও গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আরজিনাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
স্বজনরা জানান, দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এমন নির্মম পরিণতি কেউ ভাবতে পারেনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে নিহত দু’জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





