উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। গত শনিবার ক্যাম্পের বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার বেলা ১১টা ২০ মিনিটে প্রতিমন্ত্রী ক্যাম্প-২ ওয়েস্ট, ক্যাম্প-১৭, ক্যাম্প-৪ (বর্ধিত) ও ক্যাম্প-৮ ওয়েস্ট টাওয়ার এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পগুলোর কার্যক্রম, উৎপাদন সক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে তাকে অবহিত করেন।
প্রথমে ক্যাম্প-২ ওয়েস্টের বি-৬ ব্লকে বিশ্বব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন ও ফেকাল স্লাজ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করা হচ্ছে, যা রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হয়। প্লাস্টিক বর্জ্য থেকে ঘণ্টায় প্রায় ৭০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। প্রকল্পটি প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা চালু থাকে। গত ১৮ আগস্ট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের মাধ্যমে সম্পদে রূপান্তরে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে।
পরে ক্যাম্প-৪ (বর্ধিত) এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করেন তিনি। সেখানে প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি ২০২৩ সালের নভেম্বরে চালু হলেও আট মাস ধরে বন্ধ রয়েছে। পরিচালন ব্যয় বেশি হওয়ায় প্রকল্পটি বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





