সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইরে ফজলুল হক ফজলু (৬০) নামের কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং বিকাশ ও নগদে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগে এ মামলা।
গত বৃহস্পতিবার চর আজিমপুর গ্রামের দলিল লেখক ওয়াজেদ আলী এ মামলা করেন। আসামি ফজলুল হক সিংগাইর আজিমপুর মহল্লার বাসিন্দা এবং ‘পিটিভি বাংলা’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। মামলাটি জেলা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আরজি সূত্রে, জুলাইয়ে বাদি একটি বাড়ি ক্রেতাকে দেখাতে গেলে স্থানীয় কয়েকজন যুবক বাধার সৃষ্টি করেন। এই ঘটনায় ফজলু তার ফেসবুক পেজে অনৈতিক সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। ভয়ে বাদি পাঁচ হাজার টাকা দেন। পরবর্তীতে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি দেখিয়ে নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
জানা যায়, ফজলুর বিরুদ্ধে বলাৎকারের চেষ্টা, ডিজিটাল নিরাপত্তা আইনে অর্ধডজনের বেশি মামলা রয়েছে। ফজলুল হক ফজলু বলেন, পাঁচ হাজার টাকা নিয়েছিলাম, পরে তা ফেরত দিয়েছি। ডিবির ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, মামলার নথি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।