নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল বিঘিœত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দেয়া তথ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে সেখানে আরো শিক্ষার্থী যোগ দিলে সংলগ্ন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব হয়ে তাদের একটি বাস যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসটিতে ইট-পাটকেল ছোড়েন। এতে বাসের জানালার কাচ ভেঙে যায় এবং তাদের তিনজন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে যান। অন্য দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অকারণে হঠাৎ তাদের ওপর হামলা চালান। এ হামলায় আইডিয়াল কলেজের পাঁচজনের বেশি শিক্ষার্থী আহত হন এবং কয়েকজনের মাথা ফেটে যায়।
ঘটনা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সায়েন্সল্যাব মোড়ে জলকামান প্রস্তুত রাখার পাশাপাশি নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডিÑ এই তিন থানা থেকে প্রায় ৬০ জনের মতো অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শওকত আলী ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হিসেবে উল্লেখ করে বলেন, এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের জন্য সুনির্দিষ্ট কারণের প্রয়োজন হয় না; অতীতেও এমন ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কলেজ শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ইতিহাস নতুন নয়। এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের মধ্যে সংঘর্ষের পর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘাত এড়াতে একটি ‘শান্তিচুক্তি’ করেছিল। তবে সেই সমঝোতার পরও রোববার আবারো দুই কলেজের শিক্ষার্থীরা নতুন করে সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লেন।





