মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনা সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম।
গ্রেফতাররা হলেন ফরহাদ হোসেন, চাকরিচ্যুত সেনা সদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন ও সার্জেন্ট মিজানুর রহমান, আব্দুল আলীম, সাকিবুর জামান মেহেদী, মেহেদী হাসান সুজন এবং আবু হানিফ। গ্রেফতারদের বাড়ি বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, ‘রোববার দুপুরে শ্রীনগরের হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলসহ র্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘গ্রেফতাররা র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালঙ্কার লুটের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।’





