‎লক্ষ্মীপুর জেলার ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ‎জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী
‎
‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ২৪৪ জনের মধ্যে সদর থানায় ৪২, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ৪৪, রামগঞ্জ থানায় ৩৭, রামগতি থানায় ৪৪ ও কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। ‎জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়।
‎
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‎
তিনি আরো জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।