চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটকদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এছাড়া নয়জনকে মোবাইলে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এদিকে আটকদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অন্যদের ক্ষেত্রে অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও মুচলেকা নেয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান না করে পড়াশোনা ও নিজ নিজ দায়িত্বে মনোযোগ দেয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাদকের স্পট, অন্ধকার ও নির্জন স্থানে সন্দেহজনক আড্ডা, ইভটিজিং, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করা হয়।
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, কোনো শিক্ষার্থী বা তরুণকে অযথা হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। বরং কিশোর-তরুণদের অপরাধ থেকে দূরে রেখে মতলব এলাকায় একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ‘কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’





