মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ৮৫ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় শয্যা সঙ্কট দেখা দিয়েছে। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন জানান, শয্যা না পেয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে মশা, গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের ভোগান্তি বাড়ছে। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহারের পরামর্শ দেয়া হলেও বারান্দা ও মেঝেতে জায়গা সঙ্কুলান না হওয়ায় অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. উমর ফারুক জাবির বলেন, রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ডেঙ্গু ও হামের রোগীদের জন্য ১০ শয্যার আইসোলেশন ইউনিট করা হয়েছে। অতিরিক্ত রোগীদের বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, রোগীর সংখ্যা কখনো ১০০ ছাড়িয়ে যায়। শয্যা সঙ্কটের কারণে মেঝে ও সিঁড়ির পাশেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। তবে কোনো রোগীকে ফেরত দেয়া হচ্ছে না।