বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল চবি কলা ও মানববিদ্যা অনুষদে ফলক উন্মোচনের মাধ্যমে এর সূচনা হয়।
এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, ‘এই উদ্যোগ চবির আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচন করবে। চীনা ভাষা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা হিসেবে কর্মসংস্থান ও আন্তর্জাতিক ক্ষেত্রে অনন্য সুযোগ তৈরি করবে।’
ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি বলেন, ‘এই অংশীদারত্ব দুই দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময়কে সমৃদ্ধ করার পাশাপাশি জনগণের মধ্যে বন্ধুত্বের কার্যকর সেতু হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম, ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান। স্বাগত বক্তব্য দেন চবি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক জিয়া ওয়াংওয়েই।
কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, চবি ও চীনা প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।