সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ছয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে একজন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জের অন্য হাসপাতালে আরো দু’জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৪০৪ জনের মধ্যে হবিগঞ্জে ১৭৩, সিলেটে ৯০, সুনামগঞ্জে ৮৮ এবং মৌলভীবাজারে ৪২ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগমের মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানমের (৫৪) ডেঙ্গুতে মৃত্যু হয়।





