মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: রেজাউল করিম।
গ্রেফতাররা হচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল (কাপালিপাড়া) গ্রামের মরহুম সিলমত আলীর ছেলে ইয়াসিন (২১), তালতলা গ্রামের শাহানুর হোসেনের ছেলে শাহাদাত হোসেন (১৯), মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে লালন (২৬) পার্শ্ববর্তী বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামের কালামের ছেলে মাসুদ (২২)।
তদন্ত কর্মকর্তা জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। চারজনের মধ্যে ইয়াসিন ও শাহাদাত সোমবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অন্যদিকে, লালন ও মাসুদ পুলিশের কাছে গণধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর জৈল্যা গ্রামের জনৈক নারী পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। যার প্রেক্ষিতে পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেন।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, বলধারা ইউনিয়নের বাসিন্দা ২৩ বছর বয়সী এক নারী গত ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে স্বামীর সাথে নিজ ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির অদূরে টিউবওয়েলের পাশে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে অনুসরণ করেন।
অভিযুক্তরা তাকে মুখ চেপে ধরে, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়ির পূর্ব দিকে নিয়ে যান। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভিকটিমের হাত-পা বেঁধে এবং মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে তার চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।





