জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গণমাধ্যমে আরো কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রশিক্ষণ শেষে পরিবেশগত বিপর্যয় মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় পেশাগত দায়িত্বের জায়গা থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারী সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা।

ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

প্রশিক্ষণের শেষ দিনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার পরিবেশবিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারীরা পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয়ভাবে প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন।

ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিনের সেশনে পরিবেশগত মানবাধিকার বিষয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং তা গণমাধ্যমে প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

দুই দিনের প্রশিক্ষণে মানবাধিকার ও পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও তা মোকাবিলায় করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির কৌশল, পরিবেশ সাংবাদিকতার বিভিন্ন দিক এবং অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন সেশনে পরিবেশগত সমস্যার সাথে মানুষের জীবন-জীবিকা ও অধিকারের সম্পর্ক, তথ্য সংগ্রহ ও যাচাই, পরিবেশগত ক্ষতির প্রভাব এবং এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে কাজ করার ওপর গুরুত্ব দেন।

প্রশিক্ষণে ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম, মাকসুদা খানম এবং কো-ফ্যাসিলিটেটর আবু ইউসুফ উপস্থিত ছিলেন।