সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং একাধিকবার নোটিশ দেয়ার পরও কাজে যোগ না দেয়ায় তার বিরুদ্ধে ‘পলায়ন’র অভিযোগ প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এই কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) থাকা অবস্থায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সাময়িক বরখাস্ত করে তাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। কর্মস্থলে যোগদানের জন্য নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

এ ঘটনায় বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসির পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।