নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাষাঢ়ার বাগেজান্নাত মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি রাশেদুল ইসলাম (ফয়সাল চাচা) এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ইফতে খায়রুল আহম্মদ জিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত হাসেম (শকু)। প্রধান বক্তা ছিলেন এম আর সাগর এবং বিশেষ বক্তা ছিলেন সেলিম মিয়া।
আলোচনা সভায় বক্তারা দেশের রাজনৈতিক ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান তারা। বক্তারা আরো বলেন, তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে জাতিসঙ্ঘের সভাপতির দফতরে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ দেয়ার ঘটনায় তারা আনন্দিত ও গর্বিত। একই পরিবারের তিনজনকে জাতিসঙ্ঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সম্মান দেয়ার বিষয়টিও তারা ইতিবাচকভাবে উল্লেখ করেন।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দেশ ও জাতিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সে জন্য দোয়া করেন। পাশাপাশি জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা জোসেফের মা মমতাজ বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদসহ সংগঠনের সব নেতাকর্মীর সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন কামরান।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।