রংপুর ব্যুরো
- ‘সরকারকে হেয় করতে বিরোধী এমপিরা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে’
- রংপুর জেলা স্টেডিয়ামের নাম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’
দেশে সারের কোনো বাস্তব সঙ্কট নেই, বরং বিরোধী দলের সংসদ সদস্য নির্বাচিত হওয়া জেলাগুলোতে কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকারকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম। গতকাল রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তার বাড়ির উঠোনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করে বলেন, ‘কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলের মতো যে অঞ্চলগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিরোধী দল রয়েছে, ঠিক সেখানেই সারের কৃত্রিম সঙ্কট দেখানো হচ্ছে। অথচ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী কিংবা সিলেটের মতো অন্যান্য বিভাগে সারের কোনো অভাব নেই।’
তিনি জানান, সরকার এই অসাধু চক্র ভাঙতে সারের নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এবং তিনি দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোতে নিজে গোডাউন পরিদর্শনসহ সার্বিক ব্যবস্থাপনা কঠোরভাবে মনিটরিং করবেন।
বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদে তারা এক কথা বলছেন আর বাইরে রাজপথে তেলের দাম ও বিদ্যুতের সঙ্কট নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন করছেন। তারা অভিযোগ করলেও এই সঙ্কটগুলো মূলত বিগত স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনারই উত্তরাধিকার।’
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আওতায় ইউনিভার্সেল ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে, যেখানে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পরিবার থেকেও কেউ বাদ যাবেন না। একই সাথে ভারতে পাচার রোধেই তেলের দাম সাময়িকভাবে সমন্বয় করা হয়েছে এবং বিশ্ববাজারে দাম কমলে দেশেও কমানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।
শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম ঘোষণা দেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশে শহীদ আবু সাঈদের বাড়ি নির্মাণ, পরিবারের আবাসন ও কবরস্থান সৌন্দর্যবর্ধনের জন্য প্রাথমিক পর্যায়ে এক কোটি টাকা অনুদান দেয়া হচ্ছে। জেলা পরিষদের মাধ্যমে এই নকশা ও নির্মাণকাজ বাস্তবায়িত হবে। প্রয়োজনে অর্থের পরিমাণ আরো বাড়ানো হবে। একই সাথে শহীদ আবু সাঈদের স্মৃতিকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করার সরকারি সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি।
বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেন। এ সময় অন্য রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন কাজ করছে। বিএনপি কোনো কলঙ্কিত নির্বাচনের দায়ভার নেবে না।’ সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা ও রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক মিজ ইসরাত জাহানসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





