সিলেট নগরীর একটি চা-বাগান থেকে চীনের তৈরি একটি রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এসআরবি। 


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানিয়েছে এসআরবি-৯ সিলেট। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধিন খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, চা-বাগানের ভেতরের একটি কাঁচা রাস্তার পূর্ব পাশে ঝিরির পানিতে অস্ত্রটি পড়ে ছিল। কাঠের বাঁটবিহীন রাইফেলটির গায়ে ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে। এটি ৭ দশমিক ৬২ মিলিমিটার ক্যালিবারের টাইপ-১৯৫৬ মডেলের রাইফেল। 

এ ব্যাপারে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত রাইফেলের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নিতে রাইফেলটি সাধারণ ডায়েরিমূলে এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।