ময়মনসিংহের ভালুকায় মো: হাফেজ আলী (৬০) ও সফির আলী (৩৮) নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃত হাফেজ আলী বনগাঁও গ্রামের ওয়াহেদ আলীর এবং সফির আলী একই গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদরাসাগামী শিক্ষার্থীরা উপজেলার বনগাঁও গ্রামের মাহতাব উদ্দিনের বাড়ির পাশে বাঁশঝাড়ে সফির আলীর লাশ ঝুলতে দেখে।
অপরদিকে, একই দিন সকালে একই গ্রামের মো: হাফেজ আলীর লাশ পরিবারের লোকজন নিজ বসতঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত লাশ দুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





