লক্ষ্মীপুর প্রতিনিধি
কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার এ অভিযানে মোট ১৭৮ জনকে আটক করা হয়। জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। পাঁচ ঘণ্টার অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা যায়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।





