পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকরী বন্দর।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ বি এম মোশাররফ হোসেন আরো বলেন, ‘পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় কিছু সঙ্কটের কারণে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্টগ্রাম বন্দরে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, তেমনি মোংলা বন্দরে নাব্যতা সঙ্কট রয়েছে। দেশের একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যার সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছে।’
এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





