নিজস্ব প্রতিবেদক
জনস্বাস্থ্য রক্ষায় সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হতে হবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর আনারকলি সুপার মার্কেট ও সিদ্ধেশ্বরী এলাকায় রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মশক নিধন অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আবু সাদিক কায়েম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে আমাদের প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হতে হবে।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুস সাত্তার সুমন বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের এলাকার মানুষকে নিরাপদ রাখতে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এ মশক নিধন অভিযান। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমাদের এই সামাজিক কার্যক্রম আরো বেগবান হবে।’ অভিযান চলাকালে এলাকায় মশার উপদ্রব কমানো এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুস সাত্তার সুমনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এ মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সোসাইটির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।





