চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক মেম্বারকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ। পুলিশের দাবি, হামলায় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা ও সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেফতার করেছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দু’জন পুলিশ সদস্য আহত হন। অভিযান অব্যাহত রয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: মুখলেসুর রহমান বলেন, ‘পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’