স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্ক গায়ে নিবে না। স্বচ্ছ নির্বাচন করতে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করা হবে।’ 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ ঘুরে পেয়েছে। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ যখন বিপদে গিয়েছিল, ঠিক সেই সময়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সিপাহী জনতার দেশের দায়িত্ব নেয়ার পর দেশ ঘুরে দাড়িয়েছে। সে সময় কৃষি থেকে দেশের সকল ধরনের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘নব্বইয়ে আবার পথ হারালে জিয়া পরিবারে হাত ধরে দেশ উন্নয়নের পথ ফিরে পায়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বার বার সেই উন্নয়নগুলো ধ্বংস করা হয়েছে। বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলো ক্ষমতায় এসেছে, সাধ্যমতে কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০ বছর দেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার এমন সময় ক্ষমতা নিয়েছে, যে সময় দেশের ক্রাইসিস। তারপরও উন্নয়নের জন্য সাধ্যমতে চেষ্টা করা হচ্ছে। বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে।’ 

রংপুর বিভাগের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ বাংলাদেশ ও ইন্ডিয়া ফুটবল টিমের মতো। কখনো বিশ্বকাপে যেতে পারে না। নির্বাচিত প্রতিনিধিরা যদি ক্ষমতায় না যেতে পারে, স্বাভাবিকভাবেই ওই সব এলাকায় একটু কম উন্নয়ন হবে। তারপরও প্রধানমন্ত্রী উন্নয়ন সমন্বয় করার জন্য জেলা প্রতিমন্ত্রী ও মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন।’

তিনি বলেন, ‘গাইবান্ধাসহ সারাদেশে মানুষকে বাসযোগ্য করতে সকল ধরনের উন্নয়ন করা হবে। বগুড়া উন্নয়ন হলে অন্য জেলার চেয়ে বেশি সুবিধা পাবে গাইবান্ধা।’

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন রংপুর বিভাগের জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি অধ্যাপক ডা: জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ স্থানীয় বিএনপিসহ সহযোগীসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।