মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ১৮ দিনব্যাপী বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (তয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিপিআর ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে।
কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল কুমার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) মৌলভীবাজার জেলা শাখার কো-অর্ডিনেটর মো: আব্দুস সালাম ও করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রঞ্জন পাল।
মুফতি রোমেল আহমেদ খানের দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে ডা: শ্যামল কুমার চৌধুরী একটি ছাগলকে পিপিআর টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। টিকা প্রদান করেন কমলগঞ্জ উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রানা লাল রায়।
এ সময় ডা: শ্যামল কুমার চৌধুরী বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’ পিপিআর একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ উল্লেখ করে তিনি গবাদিপশুর রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।
প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে। এ সময়ে কমলগঞ্জ উপজেলার তিন থেকে ১২ মাস বয়সী প্রায় ১৭ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।





