রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্য আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘তিস্তা আমার জীবন সংগ্রামের একটি অংশ। তিস্তা পারের সন্তান আমি। আমি চাই, তিস্তা পাড়ের এই অঞ্চলকে মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে কোটি মানুষের জীবন মান উন্নত করতে।’
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এর সমীা ইতোমধ্যে চলমান রয়েছে। কারিগরি ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আশা করছি, সামনের দিনে তা শুরু করা সম্ভব হবে। তবে সরকারের কোনো প্রকল্প এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর আগে ফিজিবিলিটি স্টাডি করে ডিপিডি তৈরি করতে হয়। পরে বিভিন্ন পর্যায়ে তা অনুমোদনের জন্য যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। একই সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তিস্তা পাড়ের মানুষের জীবনমান বদলাতে নেয়া হয়েছে মহাপরিকল্পনা : ত্রাণ ও দুর্যোগমন্ত্রী





