গ্রিক স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন নিদর্শন, সবুজে ঘেরা বাগান, পুকুর আর জমিদারি আমলের নানা স্মৃতিÑ সব মিলিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি এখন ভ্রমণপিপাসুদের আকর্ষণের অন্যতম স্থান। ঐতিহাসিক স্থাপনাটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। বাড়িটির বিশেষ আকর্ষণ, জমিদারি প্রথার শেষ প্রজন্মের জীবিত সদস্য শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী, স্থানীয়ভাবে যিনি ‘মানব বাবু’ নামে পরিচিত।
গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত এ জমিদার বাড়িটি শুধু একটি পুরনো স্থাপনা নয়; স্থানীয় ইতিহাস, জমিদারি প্রথা এবং তৎকালীন শিা-সংস্কৃতির নানা স্মৃতিও বহন করছে। জমিদারি বিলুপ্ত হলেও বাড়িতে বসবাস করছেন মানব বাবু। ফলে দর্শনার্থীরা স্থাপনা দেখার পাশাপাশি তার কাছ থেকে জমিদারি আমলের নানা ঘটনা ও পারিবারিক ইতিহাস শোনার সুযোগ পান।
স্থানীয় ইতিহাসবিদ ও হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এম এ হাকিমের তথ্য অনুযায়ী, দীননাথ চক্রবর্তীর পূর্বপুরুষরা ব্রাহ্মণ গোত্রের শাস্ত্রীয় প-িত ছিলেন। ১৬ শতকের দিকে তারা বর্তমান জমিদার বাড়ির দেিণ অবস্থিত শিবমন্দির এলাকায় বসতি স্থাপন করেন। পরে ১৮ শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান জমিদার বাড়ির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বাবু অতুল চক্রবর্তী পত্তনি সূত্রে আঠারো বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরাণীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদারি অন্তর্ভুক্ত করেন। স্থানীয়দের মতে, ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে শিা, সাহিত্য ও সংস্কৃতিচর্চারও বিস্তার ঘটে।
জমিদার বাড়িটির স্থাপত্যে গ্রিক শৈলীর প্রভাব স্পষ্ট। কারুকার্যময় ভবনটির সাথে রয়েছে কাচারি ঘর, নহবতখানা, দরবারগৃহ ও মন্দির। পুরো স্থাপনাটি ঘিরে রয়েছে উঁচু প্রাচীর। সামনে সবুজে ঘেরা বড় বাগান ও পুকুর। প্রায় ৯ দশমিক ৮৫ একর জায়গাজুড়ে থাকা এ স্থাপনা ও এর আশপাশের পরিবেশ দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে। জমিদার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রয়েছে মানব বাবুর বিশাল মাছের খামার। জলাশয় ও সবুজের সমন্বয়ে তৈরি এ স্থানটিও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।
সরেজমিন কথা হয় জমিদারপুত্র মানবেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে। জমিদারি প্রথার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে জমিদারি ব্যবস্থা পরিচালিত হতো। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন বলেন, জমিদারি প্রথা বিলুপ্ত হলেও গাঙ্গাটিয়া জমিদার বাড়ি ও মানব বাবুর বিশাল পুকুর কালের সাী হয়ে রয়েছে। নতুন প্রজন্ম এখানে এসে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে। গ্রিক স্থাপত্যের নিদর্শন ও প্রাকৃতিক পরিবেশের কারণে স্থানটি দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে।