সিলেট ব্যুরো  

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শটগান, গুলি, মদসহ প্রায় এক কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল ভোরে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের একটি বিশেষ অপারেশন দল প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকোলেট, ফুচকা ও এনার্জি ড্রিংক জব্দ করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় মসলা ও শিং মাছসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৩ হাজার টাকা। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান, গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।