ফেনীর সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আসিফ নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
আসিফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামসহ পর্যটন ও শিল্প এলাকা মুহুরী প্রজেক্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গরু সেলিম গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের আসিফের (২০) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে, স্থানীয়রা আসিফকে দ্রুত উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ে যায়, এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠান।
এই ঘটনায় আহত আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব সোনাগাজী মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, ‘আধিপত্য বিস্তার নিয়ে শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’





