বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে নেতাকর্মীদের দক্ষ, সৎ, জ্ঞানী, যোগ্য ও আদর্শিক জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। ঈমানী শক্তিতে বলীয়ান জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারবে না।’

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লা মহানগরীর আইটি কনভেনশন হলে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুমের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের জনশক্তিকে কোরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। ব্যক্তিজীবনে সততা, আমানতদারি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিকূলতায় হতাশ না হয়ে ঈমান, ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য শক্তিশালী করতে হবে। নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে।’

শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল ও মুহাদ্দিস আবু নাছর আশরাফী। এতে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকনরা অংশগ্রহণ করেন।