সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, দলটি কারো চোখ রাঙানিতে ভয় পায় না।’
তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করছে। একইসাথে একটি দল আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও জনগণের সমর্থনে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জনগণ ধানের শীষকে বেছে নিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চায়। দলের কিংবা দলের বাইরের কেউ অন্যায়, জুলুম ও নির্যাতন করে মানুষের কষ্টের কারণ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘মানুষের স্বার্থে বিএনপি প্রয়োজন হলে সবার সাথে কাজ করবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শ বিএনপি ধারণ করে। দেশের মানুষের কল্যাণের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।’
সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











