নিজস্ব প্রতিবেদক
ফার্মাসিস্টরা ১৭ বছর যাবৎ দশম গ্রেডের দাবি জানিয়ে আসছে। কিন্তু তাদের দাবি এখনো আলোর মুখ দেখেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল স্বাস্থ্য অধিদফতরকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের নেয়া, সেটি এখনো বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন রতনের সভাপতিত্বে ও মহাসচিব সিকদার মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো: মেহেদী হাসান।
এ ছাড়াও বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি খাজা মাইন উদ্দিন মঞ্জু, বিএমটিএ, মহাসচিব মো: বিপ্লবুজ্জামান বিপ্লব, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা লিটন উপস্থিত ছিলেন।
ফরহাদ হালিম ডোনার বলেন, উপজেলা হাসপাতাল ১০১ শয্যা হচ্ছে, সেখানে ফার্সাসিস্ট কতজন থাকবে সেটি আপনাদেরই ঠিক করতে হবে। আপনাদেরই কাঠামো ঠিক করে বলতে হবে কত শয্যার হাসপাতালে কতজন ফার্মাসিস্ট লাগবে। অধিদফতর চেষ্টা করলে ৭২ ঘণ্টার মধ্যে এটার সমাধান হবে। অধিদফতর মন্ত্রণালয়ে পাঠালে এক মাসের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসবে।
অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, দেশে ও বিদেশে স্বাস্থ্য খাতের জন্য ফার্মাসিস্টরা অন্যদের মতোই কাজ করে। বিশেষ করে কোভিডের মতো মহামারীতে তাদের অবদান অনেক বেশি। ৫ আগস্টের পর বন্যাকবলিত এলাকায় চিকিৎসা দিতেও ফার্মাসিস্টরা আমাদের পাশে ছিলেন। তিনি বলেন, ফার্মাসিস্টদের আরো দক্ষ হতে হবে। গত ২৫ বছরে পৃথিবী অনেক এগিয়েছে, প্রযুক্তির জ্ঞান দিয়ে ফার্মাসিস্টদের নিজেদেরকে আরো প্রস্তুত করতে হবে। ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবি দ্রুতই বাস্তবায়ন হবে। আমাদের শতভাগ ইচ্ছে, যার যেটা পাওয়া যৌক্তিক, সেটা পূরণ করা। তবে একটু সময় দিতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে।
ড্যাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান বলেন, সরকার উপজেলা হাসপাতালকে ১০১ ও ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছে, সেখানে আনুপাতিক হারে ফার্মাসিস্টদের নিয়োগ দিতে হবে। বাংলাদেশকে ঢেলে সাজাতে হলে সরকারের অঙ্গ ও রাজনৈতিক নেতাদেরও সমানভাবে কাজ করতে হবে।
ফার্মাসিস্টরা বলেন, নার্সদের দশম গ্রেড হয়েছে, কিন্তু একই পদে যোগদান করে আমাদের বঞ্চিত রাখা হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেডের অবিলম্বে পূরণ করা হোক। দীর্ঘদিন ধরে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। উপজেলা পর্যায়ে আগে দু’টি পদ ছিল, এখন একটি হচ্ছে। নতুন পদ সৃষ্টি না হয়ে উল্টো বিলুপ্তি হচ্ছে।





