নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির সাথে জড়িতদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশকে ভালো করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যাদের দেশ পরিবর্তনের ভিশন ও মিশন রয়েছে, তাদের নেতৃত্বে সঠিক পরিকল্পনার মাধ্যমে ঢাকাকে বিশ্বের আধুনিক শহরের আদলে গড়ে তোলা সম্ভব। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্টে ‘রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রোমিং ফর ঢাকা নর্থ’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, রাজনৈতিক আদর্শ বা ধর্মীয় পরিচয়ের চেয়ে একজন নেতার সততা, দেশপ্রেম ও দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারে। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতি নির্মূলের পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, উন্নত নগর ব্যবস্থাপনার জন্য শুধু বড় বাজেট বা বড় জনসংখ্যা প্রয়োজন হয় না; সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও কাজ করার ইচ্ছাশক্তি প্রয়োজন।
বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ফিলিপাইনের ম্যানিলা ও মিন্দানাও, তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারাসহ কেনিয়া ও সৌদি আরবের বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে নগর ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সম্পর্কে পাওয়া তথ্য পর্যায়ক্রমে সাংবাদিকদের সামনে তুলে ধরার কথাও জানান তিনি। শুধু জনসংখ্যার আকার কোনো নগরের উন্নয়নের প্রধান বাধা নয়। দক্ষ ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বড় শহরেও নাগরিক সেবা উন্নত করা সম্ভব।
মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে নারী ও শিশুদের জন্য আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করে তিনি বলেন, হাসপাতালটির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুধু কোনো এমপিকে পদত্যাগ করালে হবে না। তদন্ত করে ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোগান্তির কথা বলায় একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করা তাকে অবমাননার শামিল। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের মতো মামলা-হামলার রাজনীতি করছে। বিমানবন্দরে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্যকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখার পেছনে কোনো ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি ছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দরে অনিয়ম ও জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় মামলা করা কোনো সমস্যার সমাধান নয়। জনগণের কথা শুনে ভুলত্রুটি চিহ্নিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে দেশে ফিরে প্রবাসী বাংলাদেশীদের ব্যাগ টানাটানি ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিমানবন্দরের অব্যবস্থাপনা বন্ধ করতে হবে।
সেলিম উদ্দিন আরো বলেন, সরকার পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে। ভালো মানুষের বিরুদ্ধে পুলিশকে মামলার হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোথাও অন্যায় বা ভুল হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; জনগণের কথা বলার কারণে মামলা দেয়া কোনো ভালো লক্ষণ নয়। সরকারের জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। সরকারের ভালো কাজ জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি ভুলত্রুটি থাকলে তা গঠনমূলক ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন তিনি।
এসময় প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
অন্য দিকে সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতামূলক গণক্যাম্পেইনে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার সময় নয়, সারা বছরই সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা ও পরিচ্ছন্নতা। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে জন্য বাড়ি ও আশপাশে পানি জমতে দেয়া যাবে না। এসি ও ফ্রিজে জমে থাকা পানিও নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার এবং বাড়ি, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, প্রত্যেকে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে রোগবালাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। ডেঙ্গু সচেতনতা কার্যক্রম শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নগরের বিভিন্ন পার্ক ও এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হয়। পাঁচজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পে সেবা দেন।
কর্মসূচিতে উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, থানা নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, সেক্রেটারি বদিউজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।





