স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ আধুনিক একটি হাসপাতালে রূপ দেয়ার পরিকল্পনা করেছে সরকার।’
তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদেরকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং উন্নতমানের খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।’
শনিবার (৩ অক্টোবর) দুপরে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি যেসব এলাকায় হাসপাতাল নেই, সেসব জায়গায় নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়ার প্রায় সাত লাখ মানুষ ছাড়াও পার্শ্ববর্তী চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলার রোগীরা এই হাসপাতালের ওপর নির্ভর করেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রতিদিন ১০০-১৫০ জন রোগী নতুন করে ভর্তি হন। রোগীর চাপের কারণে তৈরি হওয়া বিভিন্ন সঙ্কটের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
পরে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভর্তি রোগীদের রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা যেন হাসপাতালেই করা যায়, সেই ব্যবস্থাও করতে হবে। স্বাস্থ্যসেবায় যেন কোনো ধরনের অবহেলা করা না হয়। কোনো অনিয়ম হলে তা মেনে নেয়া হবে না।’ রোগীরা যাতে ভালোভাবে চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হাসপাতাল সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
তিনি আরো বলেন, ‘পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার জন্য আগামী ১৫ দিনের মধ্যে দরপত্র কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হবে।’
আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাজেদুর রহমান ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এ সময় মন্ত্রী হাসপাতালের জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, পাঁচজন মেডিক্যাল অফিসার, চারজন নার্স, একজন মিডওয়াইফ, একজন ল্যাব টেকনোলজিস্ট, একজন রেডিওগ্রাফার, একজন বাবুর্চি ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে হাসপাতালে পদায়ন করেন। পাশাপাশি ৫০টি রেবিক্স ভ্যাক্সিন, ৫০টি রেবিক্স আইজি, ১৫০টি ডায়ারিয়ার স্যালাইন ও ২০টি এন্টিভেনম প্রদানের অফিস অর্ডার প্রদান করেন।
বিষয়টি রাতে নয়া দিগন্তকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু তৈয়ব বলেন, মন্ত্রীর নিদের্শ মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার জন্য দরপত্র কার্যক্রম নেয়া হবে।





