নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি এনে স্বাস্থ্যকেন্দ্রটির পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনার জের ধরে গত ১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে গতকাল ডিবি মিরপুর বিভাগের একটি দল অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করে। গোয়েন্দা-মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, রাড্ডায় ভাঙচুর ও গুঁড়িয়ে দেয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতার মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির পদে রয়েছেন। এ দিকে রাজধানীর উত্তরায় ভুয়া গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। তারা হলেন- মো: রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো: সজিব (৩৬)।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল ৪ নম্বর সেক্টরের একটি দশতলা ফ্ল্যাটে যায়। সেখানে মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার ভয় দেখানো হয়। আসামিরা মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে আতঙ্কে ভুক্তভোগী তাদের নগদ এক লাখ ৫৯ হাজার টাকা দেন। তবে তাদের কথাবার্তা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ফ্ল্যাট মালিক ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে তারা ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, নগদ এক লাখ ৫৯ হাজার টাকা, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য দিকে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫০টি মামলা রুজু হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, অভিযানের সময় একটি বিদেশী রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য করা হয়।