জামালপুর প্রতিনিধি
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত চারজনের নামাজে জানাজা ও দাফন শনিবার জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে সম্পন্ন হয়েছে। নিহত অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও তার ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের (৫) নামাজে জানাজা সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় সম্পন্ন হয়। এ ছাড়া মোফাজ্জল হোসেন লেবু (৫৫) ও তার মা রাশিদা বেগমের (৮০) নামাজে জানাজা দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে সকাল ১০টায় সম্পন্ন হয়। পরে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামালপুরের এক অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম, ছেলে মোজাব্বিদ ইসলাম মিনান বাবা মোফাজ্জল হোসেন লেবু ও দাদী রাশিদা বেগমসহ একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন।
অপর দিকে নিহত সিএনজি অটোরিকশা চালক সুজন মিয়ার নামাজে জানাজা ও দাফন শুক্রবার রাত ১১টার দিকে বীর গোবিন্দি এলাকায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নান্দিনা বাদে চান্দি এলাকায় নিহত আকরাম আলী ও তার স্ত্রী মমতাজ বেগমের দাফন সকাল ১০টার দিকে তার নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
নিহতদের পারিবার সূত্রে জানা গেছে, গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন মোফাজ্জল। শুক্রবার সকালে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। বেলা সোয়া ১টার দিকে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার সাথে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ সাতজন নিহত হন।
এ দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এই পরিবহনের বাসের বিরুদ্ধে আগেও অসংখ্য দুর্ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। দুর্ঘটনার কারণ ও সড়কে বাস চলাচলের অব্যবস্থাপনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।





