সিলেট ব্যুরো
‘সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে শনিবার সুনামগঞ্জ সদরের জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
প্রধান তথ্য অফিসার বলেন, অতীতে কলম বন্ধ করে দেয়া, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য লেখা বন্ধ করা এবং গণমাধ্যমকে জিম্মি করার যে সংস্কৃতির কথা বলা হয়, তা আর বাংলাদেশে ফিরে আসবে না। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি এর সুফল জনগণের কাছে পৌঁছে দেয়া এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।
সেমিনারে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো: আকিকুর রেজা।
সেমিনারে স্বাগত বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন। এতে সুনামগঞ্জের প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।





