কিশোরগঞ্জ প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন বটতলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলায় যে, অভিযোগ আনা হয়েছে, সেগুলো অজুহাতমাত্র। তারেক রহমানের সমালোচনা করার কারণেই প্রতিহিংসাবশত তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা অনতিবিলম্বে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
জেলা জামায়াতের শহর আমির আ ম ম আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো: রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।





