আলজাজিরা

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইল থেকে আটক করা সব বেসামরিক জিম্মিকে একযোগে ছেড়ে দেয়ার একটি প্রস্তাব হামাসের পক্ষ থেকে দেয়া হলেও তা সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
প্রকাশিত সংবাদ অনুযায়ী, হামাস একটি সীমিত মেয়াদের যুদ্ধবিরতির বিনিময়ে সব সাধারণ নাগরিককে মুক্ত করার একটি রূপরেখা দিয়েছিল। তবে নেতানিয়াহু এবং তার প্রশাসনের নীতিনির্ধারকরা এই সমঝোতার সম্ভাবনা নাকচ করে দেন। চলতি সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানিও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, হামাসের পক্ষ থেকে দেয়া এই প্রস্তাবটি গ্রহণ করতে শুরুতেই অস্বীকৃতি জানান ইসরাইলি কর্মকর্তারা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আটক করে নিয়ে যাওয়া নাগরিকদের উদ্ধার করা ইসরাইলি রাজনীতির প্রধান অভ্যন্তরীণ উদ্বেগে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে অপহৃতদের পরিবার ও নাগরিক সমাজের তীব্র আন্দোলনের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সামরিক শক্তি প্রয়োগের ওপর অতিরিক্ত জোর দিয়ে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছে। যদিও সরকারের দাবি, হামাসকে কোণঠাসা করাই আটককৃতদের ফিরিয়ে আনার একমাত্র কার্যকর কৌশল। ইসরাইলে আসন্ন জাতীয় নির্বাচনের বাকি আর এক মাসেরও কম সময়। ঠিক এমন এক সংবেদনশীল সময়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক চাপে পড়েছে ক্ষমতাসীন গোষ্ঠী। তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবটি ঠিক কোন সময়ে দেয়া হয়েছিল, তার সুনির্দিষ্ট শর্ত কী ছিল কিংবা ঠিক কী কারণে নেতানিয়াহু তা বাতিল করেছিলেন তার পূর্ণাঙ্গ বিবরণ না থাকায় বিষয়টি নিয়ে আরো স্পষ্টতার অপেক্ষা রয়েছে।