নয়া দিগন্ত ডেস্ক 
তেল ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য একটি কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ইরাক ও তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর ও তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার বৈঠক করেন। ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।
ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তেল ও গ্যাস খাতের অবকাঠামো উন্নয়ন, পেট্রোকেমিক্যাল শিল্প এবং তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য প্রস্তাবিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
ইরাক ও তুরস্কের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করার এই উদ্যোগ এমন এক সময়ে নেয়া হলো, যখন হরমুজ প্রণালীতে যুদ্ধের কারণে ইরাকের তেল রফতানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে দেশটির তেল রফতানি ৮০ শতাংশের বেশি কমে গেছে।
এই পরিস্থিতিতে বিকল্প পরিবহনপথ ব্যবহারের দিকে ঝুঁকছে দুই দেশ। গত আগস্টে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোটাস এবং ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোমো ও এনওসির মধ্যে এক বছরের একটি চুক্তি সই হয়। এর আওতায় কিরকুক-জেইহান তেল পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইরাক ও তুরস্কের কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা শুরুর পর আগস্টে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছিলেন, দুই সরকার তেল, বিদ্যুৎ, পানিসম্পদসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করে একটি কাঠামোগত চুক্তি সম্পন্ন করতে কাজ করবে।