শেরপুর (বগুড়া) সংবাদদাতা 
বগুড়ার শেরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ইব্রাহিম হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইব্রাহিম বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ে বিপজ্জনক কসরত (বাউলি) করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহসড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।