খুলনা মহনগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো: ইকবাল শেখ (৩৫) নামের একজন আহত হয়েছেন। 

আজ রোববার (৪ অক্টোবর) সকালে লবণচরা থানার হঠাৎবাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ ঘটনা ঘটে। 

ইকবাল লবণচরার ইখলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল শেখের মেয়ের সাথে একই এলাকার বাসিন্দা মো: আবির শেখের বিয়ে হয়েছিল। তবে তিন মাস আগে তিনি মেয়েকে ওই সংসার থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আগেও আবির তার সাবেক শ্বশুর ইকবালের ওপর একবার হামলা চালিয়েছিলেন। আজ রোববার সকালে ইকবাল বাসা থেকে বের হয়ে কিছু দূর এগোলে আবির ও শাওনসহ চার পাঁচজন একদল তার ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

তারা ইকবালের বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেয়। ইকবালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এলাকার বাসিন্দাদের দাবি, আবির এলাকার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হামলার কারণ পারিবারিক দ্বন্দ্ব বলে জানা গেছে। ইকবাল চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত।