চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে মতলব উত্তর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। শনিবার সন্ধ্যার পর মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন মো: সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) ও দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা ও ৭৭ পিছ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় তাদের দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া এ অভিযান পরিচালনা করেন।
মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার জাবীর বলেন, ‘মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন ওসি যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরো গতিশীল হবে বলে আশা করছি।’
মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।











