কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার সীমান্তবর্তী পৃথক এলাকায় এসব অভিযান চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন সাত বোতল ভারতীয় মদ ও চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচা রাস্তা থেকে ১০ বোতল ভারতীয় মদ, এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের মূল্য তিন লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
এছাড়া সকাল ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে এক দশমিক নয় কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ হাজার ৬৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





