প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো: মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামুন উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
এর আগে, শনিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়িতে মামুনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।
ওসি সাইফুল বলেন, ‘মামুন প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড দিয়েছে। এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।’











