চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সময় আলেম-ওলামারা কোরআন-হাদিসের আলোকে ঠিকমতো কথা বলতে পারেননি। হাজার হাজার আলেম নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আলেমরা কথা বলার স্বাধীনতা পেয়েছেন।’

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, ‘একটি দল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা নির্বাচনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে। এতেই বোঝা যায় ইসলামকে তারা কতটুকু ভালোবাসে। আপনারা এসব ধোঁকাবাজ থেকে দূরে থাকবেন।’

মিরসরাই উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো: মুছা ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম খায়ের উদ্দিন মাসুকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, উত্তর জেলা ওলামা দল নেতা মুফতি রফিকউল্লাহ হামিদ, মুফতি ইউসুফ, দারুল কোরআন মাদরাসার মুহতামিম আবু ইউসুফ মো: নাছির ও মাওলানা গোলাম জাকারিয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার মুহতামিম এবং মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওলামা দল নেতৃবৃন্দ।