কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী এম এস স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (৪ অক্টোবর) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে তিনি এ বরাদ্দের ঘোষণা দেন।
এ সময় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ‘এম এস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আরো বিভিন্ন চাহিদা ও প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা থাকা স্বাভাবিক।’
এমএস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যের কথা তুলে ধরে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ‘প্রতিষ্ঠানটি দেড়শো বছরের বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। উলিপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য প্রতিষ্ঠানটিতে যাতায়াতও তুলনামূলক সহজ।’
শিক্ষার্থীদের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ফলাফল তুলনামূলকভাবে ভালো। তবে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের সুযোগ রয়েছে বলে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলেই হবে না, শিক্ষার্থীদেরও নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশে আন্তরিক হতে হবে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল করার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও ভালো ফলাফল করার প্রতিশ্রুতি নেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।





