নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নববধূ তাসলিমা উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে। নুরুন্নবী বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক। তিনি বর্তমানে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন।
জানা যায়, তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিকভাবে তাসলিমার বিয়ে হয়। আজ রোববার দুপুর ১টার দিকে স্বামী সামির হোসেনকে সাথে নিয়ে বাবার গ্রামের বাড়ি মহাদেবপুরের চেরাগপুর গ্রামে বেড়াতে আসে তাসলিমা। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তার আট বছর বয়সী ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।
তার ছোট ভাই পুকুরপাড়ে বসেছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী গোসল করতে পানিতে নামে। তারা দু’জনই সাঁতার জানত না। সাঁতার না জানায় গোসল করার একপর্যায়ে তারা পানির গভীরে তলিয়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।





