কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামাকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমির মো: সাইদুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলি কাওছার রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন, আফজাল হোসেন জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। একইসাথে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় মামলা করেন।