দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া জাতীয় ক্যাম্প এলাকায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।
৩ থেকে ৯ অক্টোবর সাত দিনব্যাপী এই ক্যাম্পে প্রকৃতির সাথে মানিয়ে চলা, তাঁবুতে অবস্থান, দলগত কাজ, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, নানা প্রতিকূলতার কারণে দীর্ঘদিন জাতীয় গাইড ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। ১১ বছর পর গাজীপুরে এ আয়োজন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গার্ল গাইডদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বর্তমানে ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুরেও এ কার্যক্রমে গার্ল গাইডদের নেতৃত্ব দেয়ার সুযোগ রয়েছে। সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তাদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ক্যাম্পে অংশ নেয়া গাইড, গাইডার ও কমিশনাররা আগামী সাত দিন বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান।
ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার এ ক্যাম্পে অংশ নিচ্ছেন।











