সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপমানজনক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের সাংবাদিক ও গৌরনদী প্রেস ক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (১৪ মে) মামলাটি আমলে নিয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার মৃত মোস্তফা ফকিরের পুত্র টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ধারাবাহিকভাবে অশালীন, কটূক্তিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তার পরিবার এবং এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানহানিকর, ভিত্তিহীন, অবমাননাকর মন্তব্য করেন।
এজাহারে আরো উল্লেখ করা হয়, গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অভিযুক্ত তুহিন ফকির ফেসবুকে একাধিক পোস্টে গিয়াস উদ্দিন মিয়াকে মাদক কারবারি, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার চালান। একইসাথে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা ওই মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে ‘কুক’ বলেও আক্রমণ করেন। যা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর।
এ ঘটনায় সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমি চার দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। ফেসবুকে আমার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য নিঃসন্দেহে সাইবার অপরাধের পর্যায়ে পড়ে। আমি আইনের আশ্রয় নিয়েছি। কারণ এ ধরনের অপপ্রচার আমার ও আমার পরিবার সামাজিক ও পেশাগত মর্যাদাকে আঘাত করেছে।
তিনি জানান, অভিযুক্ত তুহিন ফকির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চললেও বর্তমানে তুহিন কোনো বৈধ গণমাধ্যমে কর্মরত নন এবং সাংবাদিকতার কোনো বৈধ পরিচয়পত্র বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও তার নেই।
গৌরনদী প্রেস ক্লাবের একাধিক সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গিয়াস উদ্দিন মিয়া এ অঞ্চলের একজন বর্ষীয়ান, সৎ ও নির্ভরযোগ্য সাংবাদকর্মী। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে সাংবাদিকতার পবিত্রতা একইসাথে একজন মুক্তিযোদ্ধার সম্মানকেও ক্ষুণ্ন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তুহিন ফকির বলেন, আমি কারো নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করিনি। তবুও কেউ যদি আমার বিরুদ্ধে মামলা দেয় তাহলে সেটা আইনিভাবে মোকাবেলা করা হবে।
প্রসঙ্গত, গিয়াস উদ্দিন মিয়া বিগত ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল ও প্রথম আলোর মতো জাতীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি মাইটিভির গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত ও গৌরনদী প্রেস ক্লাবের চারবারের সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি প্রেস ক্লাবের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।








